যুদ্ধের সংখ্যার ভেতরে অনেক গল্প চাপা পড়ে যায়। কিন্তু কখনও কখনও একটি ছোট জীবনই পুরো যুদ্ধের নির্মমতা স্পষ্ট করে দেয়। ইরানের কাজভিন শহরের ২০ দিনের এক শিশু, মোহাম্মদ আলি কায়ালহার মৃত্যু তেমনই এক গল্প, যা শোক আর ক্ষোভে নাড়িয়ে দিয়েছে দেশটিকে।

 

আলজাজিরার প্রতিবেদন মতে, মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত এই নবজাতকের জানাজা ও দাফনকে ঘিরে বড় পরিসরে শোক প্রকাশ করেছেন স্থানীয়রা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, শিশুটির কাফনে মোড়া ছোট্ট দেহটি হাতে তুলে ধরে শোকাহত মানুষজন, চারপাশে ভেসে ওঠে কান্না আর শোকের স্লোগান।

 

প্রতিবেদন অনুযায়ী, রাজধানী তেহরানের মাজিদিয়েহ আবাসিক এলাকায় চালানো এক হামলায় শিশুটি তার মা ও ভাইয়ের সঙ্গে নিহত হয়। একটি পরিবারের একসঙ্গে নিভে যাওয়ার এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর বেদনার সৃষ্টি করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ২০৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানি সূত্রগুলো। প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে এমনই অগণিত পরিবার, যারা হঠাৎ করেই হারিয়েছে তাদের সবচেয়ে প্রিয় মানুষগুলোকে।

 

একজন নবজাতকের মৃত্যু শুধু একটি পরিসংখ্যান নয়; এটি এমন এক জীবনের গল্প, যে পৃথিবীকে দেখার আগেই যুদ্ধের বলি হয়ে গেল। আর সেই গল্পই আজ ইরানে শোকের প্রতীকে পরিণত হয়েছে।