ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত ব্যবসায়ী আয়নাল হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের একটি ভুয়া পদবী জুড়ে দিয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা এলাকার নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে আয়নাল হোসেন লিখিত বক্তব্যে জানান, পরিকল্পিতভাবে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং সামাজিকভাবে বিতর্কিত করতে এই মামলা করা হয়েছে। 

তিনি বলেন, “আমি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, দলটির কোনো পদ-পদবীও আমার নেই। অথচ আমাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিচয়ে মামলায় জড়ানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও দাবি করেন, ছোটবেলা থেকেই তিনি বিএনপির আদর্শে বিশ্বাসী এবং নিজ উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি ‘নামাজ ঘর মানব সেবা সংস্থা’র প্রতিষ্ঠাতা এবং তার ব্যবসার প্রায় ৭৫ শতাংশ লভ্যাংশ গরিব-দুঃখীদের কল্যাণে ব্যয় করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী, স্বজন ও এলাকাবাসী এই ঘটনাকে ‘ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান।