দেশের সাত জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রঘাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পটুয়াখালীতে সর্বোচ্চ চারজন মারা গেছেন। এছাড়া বরগুনায় দুইজন, জামালপুরে দুইজন, ময়মনসিংহে একজন, বাগেরহাটে একজন, রংপুরে একজন ও রাজবাড়ীতে একজন মারা গেছেন।
বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দেশের ৭ জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
পটুয়াখালী
পটুয়াখালীর বিভিন্ন এলাকায় কালবৈশাখীর সময় বজ্রঘাতে চারজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে মাঠে গরু বাঁধতে গিয়ে সৌরভ মজুমদার (২২) বজ্রপাতে মারা যান। দুপুর ১টার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিন (২৮) নিহত হন। এরপর দুপুর ২টার দিকে পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে সেতারা বেগম (৫৫) এবং একই সময়ে শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে আসার সময় খালেক হাওলাদার (৫৫) বজ্রপাতে প্রাণ হারান।
বরগুনা
বরগুনায় পাথরঘাটা ও আমতলী উপজেলায় পৃথক বজ্রঘাতে দুইজনের মৃত্যু হয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপরের দিকে বজ্রপাতে আল-আমীন নামে এক জেলে ও নূরজামাল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আল-আমীন পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা এলাকার বাসিন্দা এবং নূরজামাল আমতলী উপজেলার পূজাখোলা নামক এলাকার বাসিন্দা।
পাথারঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এবং আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জামালপুর
জামালপুরের ইসলামপুরে পৃথক বজ্রঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। এদিন সকালে নদীতে মাছ ধরতে গিয়ে শামীম মিয়া (৩৫) ও রাস্তার কাজ করার সময় সাগর ইসলাম (১৮) নামে এক শ্রমিক মারা যান। নিহত শামীম মিয়া একই এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে এবং নিহত সাগর ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া গ্রামের মো. স্বাধীনের ছেলে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম গাজী বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান।
ময়মনসিংহ
ময়মনসিংহের তারাকান্দায় মাছ ধরতে গিয়ে বজ্রঘাতে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাদ্দাম হোসেন উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতি গ্রামের মৃত হামেদ আলীর ছেলে। সকালে বাড়ির অদূরে রাংসা নদীতে মাছ ধরতে যান তিনি। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ওই যুবকের মৃত্যু হয়েছে।
বাগেরহাট
বাগেরহাটে বজ্রঘাতে রবিন হাওলাদার (৫৩) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এদিন বিকেলে সদর উপজেলার সরকারডাঙ্গা গ্রামের মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। রবিন হাওলাদার সরকারডাঙ্গা গ্রামের জগদীশ হাওলাদারের ছেলে।
বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সরকারডাঙ্গা গ্রামে বজ্রপাতে রবিন হাওলাদার নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
রংপুর
রংপুরের তারাগঞ্জে বজ্রঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে ওই গৃহবধূ রান্না করার জন্য বাড়ির পাশে খড়ি সংগ্রহ করতে যাওয়ার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।
তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বজ্রপাতে গৃহবধূর মুত্যুর খবর শুনে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
রাজবাড়ী
রাজবাড়ীতে বজ্রঘাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিন সকালে সাড়ে ৩ বছর বয়সী মেয়েকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে বাজার আনতে যাচ্ছিলেন সুমন। এসময় হঠাৎ বজ্রপাত হলে মেয়ে কোল থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্বজনারা তাকে হাসপাতালে নিলে চিকিৎসকার তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শুনেছি।