ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ৩টি ভাসমান ভেকু (মাটি কাটার যন্ত্র) জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের নেতৃত্বে পূর্ব জাজিরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ধলেশ্বরী নদী থেকে গ্রাপ মেশিন ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ৩টি ভাসমান ভেকু জব্দ করা হয়। জাজিরা পুলিশ ফাঁড়ির সহযোগিতায় এসব যন্ত্র আটক করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

সরেজমিনে প্রশাসনের কর্মকর্তারা দেখতে পান, এসি আলী (মধুর বাজার, কোন্ডা) এবং শাহ জালাল (খৈলারচর, কোন্ডা) নামের দুই ব্যক্তি এ অবৈধ মাটি উত্তোলনের সঙ্গে জড়িত।

উপজেলা প্রশাসন জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, “নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই পরিবেশবিরোধী কর্মকাণ্ড সহ্য করা হবে না।”

স্থানীয়রা এমন অভিযানে সন্তোষ প্রকাশ করে নদী রক্ষায় নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।