আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল থেকে বিভিন্ন বাস কাউন্টার ও অনলাইনে যাত্রীরা টিকিট সংগ্রহ করছেন।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। ফলে আজ শুক্রবার (৮ মে) থেকেই যাত্রীরা ২১ মে ও পরবর্তী দিনের বাস টিকিট কিনতে পারছেন।

এদিকে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। ওইদিন ২৩ মে যাত্রার টিকিট পাওয়া যাবে।

রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী, ১৪ মে বিক্রি হবে ২৪ মের টিকিট, ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে পাওয়া যাবে ২৭ মের যাত্রার টিকিট।

আগের নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।