ঢাকা জেলা ক্রীড়া পরিমণ্ডলে বড় সাফল্য অর্জন করেছে কেরানীগঞ্জ উপজেলা ক্রীড়াঙ্গন। নতুন কুঁড়ি ২০২৬ প্রতিযোগিতায় ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কেরানীগঞ্জ উপজেলা বালিকা ফুটবল দল। ফাইনাল ম্যাচে সাভার উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে তারা ঢাকা জেলা শিরোপা নিজেদের করে নেয়।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ও সংগঠিত ফুটবল খেলেন কেরানীগঞ্জের মেয়েরা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একমাত্র গোলটি করে দলকে এগিয়ে নেন তারা। শেষ পর্যন্ত সেই গোলই নির্ধারণ করে দেয় চ্যাম্পিয়ন দল।

 

অন্যদিকে একই প্রতিযোগিতার বালক ক্রিকেট ফাইনালে লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে কেরানীগঞ্জ উপজেলা বালক ক্রিকেট দল। তবে সাভার উপজেলার বিপক্ষে ১৩ রানে হেরে রানার্সআপ হয় তারা। শিরোপা না পেলেও পুরো ম্যাচজুড়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দেয় কেরানীগঞ্জের ক্রিকেট দল।

 

ব্যক্তিগত নৈপুণ্যেও কেরানীগঞ্জের খেলোয়াড়রা সাফল্যের স্বাক্ষর রাখেন। বালিকা ফুটবলে মায়মুনা সেরা খেলোয়াড় নির্বাচিত হন। অন্যদিকে বালক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের জন্য রূপম পান সেরা খেলোয়াড়ের স্বীকৃতি।

 

কেরানীগঞ্জের ক্রীড়ামোদী মহল এই অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতে জাতীয় পর্যায়েও কেরানীগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেবে।