রাজধানীর বংশালের নয়াবাজার এলাকার একটি বাসা থেকে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) বিকেলের দিকে ওই এলাকার একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম মো. নিসার আলী (৫০)।
পুলিশ জানায়, বাসার মালিক মো. হোসেন বাবু বিকেলের দিকে বাসার ভেতরে লাইট জ্বলতে দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার পর্দা সরিয়ে ভেতরে তাকিয়ে নিসার আলীকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত নিসার আলীর গ্রামের বাড়ি যশোর জেলার সারসা উপজেলার শ্যামলগাছি গ্রামে। তার বাবার নাম মৃত হযরত আলী মুন্সী। তিনি বর্তমানে নয়াবাজার এলাকায় একাই ভাড়া বাসায় থাকতেন এবং ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব জানান, জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে খাটের ওপর চিৎ অবস্থায় নিসার আলীর মরদেহ দেখতে পাওয়া যায়। এ সময় তার হাত-পা গামছা দিয়ে বাঁধা এবং মুখ জানালার পর্দা দিয়ে বাঁধা ছিল।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।