বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ মে দেশটিতে পালিত হবে ঈদ। আর ১৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস।

রোববার (১৭ মে) সন্ধ্যার দিকে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় দেশটিতে জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে।

মন্ত্রণালয় বলেছে, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস আগামী ১৮ মে (সোমবার) থেকে শুরু হবে। সেই অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

দেশটির বার্তা সংস্থা আনতারার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাজধানী জাকার্তায় জাতীযত চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর বলেছেন, ‘‌চাঁদের হিসাব ও পর্যবেক্ষণ প্রতিবেদনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, ১৪৪৭ হিজরি সনের ১ জিলহজ হবে আগামী ১৮ মে। ফলে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে (বুধবার)।’

এদিকে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও তিউনিসিয়া। দেশ দুটিতে সোমবার (১৮ মে) থেকে শুরু হচ্ছে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ। এ হিসাব অনুযায়ী আগামী আগামী ২৭ মে দেশ দুটিতে কোরবানির ঈদ উদযাপিত হবে।

ঘোষণা অনুযায়ী, বিশ্বের প্রথম দেশ হিসেবে এবার সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া। শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন শেষে দেশটির কর্তৃপক্ষ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্কও। জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা এবং বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে তৈরি পূর্ব-নির্ধারিত ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে জিলহজের প্রথম দিন ও ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে এখনও পর্যন্ত তুরস্কে খালি চোখে চাঁদ দেখা যায়নি।

সূত্র: গালফ নিউজ