ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ।

শুক্রবার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানার শহিদনগর ও গদাবাগ নিউ টাউন সিটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান এর সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন এর নেতৃত্বে এসআই মো. টিটুল হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে শহিদনগর এলাকা থেকে পারভীন বেগম (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ৭০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। তিনি মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় বসবাস করতেন।

এছাড়া গদাবাগ নিউ টাউন সিটি এলাকা থেকে আবুল হোসেন (৪৮) কে ২০ পিচ এবং মায়া বেগম (৪২) কে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।