গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিস্ফোরণ ঘটানো হয় কয়েকটি ককটেল।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পৌর শহরের ছোটশিমুলতলা পানহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর পানহাটি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রাজনৈতিক বিরোধ বাড়তে থাকে। এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। একই বিরোধের জেরে বৃহস্পতিবার ফের সংঘর্ষ হয়েছে।
ঘটনার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পলাশবাড়ী-ঘোরাঘাট আঞ্চলিক মহাসড়কে দুই দিকে দুই পক্ষের লোকজন অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টাধাওয়া দেয়। হাতে দেশীয় অস্ত্র (হাঁসুয়া), বাঁশের লাঠি নিয়ে নারায়ে তাকবির-আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করতে শোনা যায়। কয়েকটি ককটেল বিস্ফারণ ঘটানো হলে পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকটি পানের দোকান (ছাউনি) ভাঙার ঘটনাও ঘটেছে।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান এশিয়া পোস্টকে বলেন, পানহাটিতে বিএনপি ও জামায়াতের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত নয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ওসি আরও জানান, আগেও পানহাটিতে বিএনপি ও জামায়াতের মধ্যে মারামারি হয়েছিল। এগুলোর অভিযোগও থানায় আছে।