নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কালাম মোল্যাকে (৩৪) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার দিঘলিয়া বাজারের দক্ষিণে চর দিঘলিয়ার সন্নিকটে ব্রিজের কাছাকাছি জোড়া কবরের সামনে এ ঘটনা ঘটে।
আহত মো. কালাম মোল্যা কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলি ইউনিয়নের কাঠাধুরা গ্রামের মৃত আপিল উদ্দিন মোল্যার ছেলে ও তিনি মাউলি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ শেষে লোহাগড়া থেকে নিজ বাড়ি কাঠাধুরা গ্রামে মোটরসাইকেলে ফিরছিলেন কালাম মোল্যা। পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাত ও পায়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্তের কাজ চলছে।