বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ফুটবল বিশ্বকাপ। ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। উত্তেজনা পূর্ণ ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে যুগান্তরের পাতায়। মাঠের লড়াই, ম্যাচের ফলাফল ও পয়েন্ট তালিকার সর্বশেষ অবস্থা জানতে চোখ রাখুন এখানে।
১২ জুন ২০২৬, ০১:৫৪ এএম
এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো
কুইনোনেস কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন। সংগৃহীত ছবি
বল দখল, গোলে শট কিংবা আক্রমণ—স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে কোথাও পেরে ওঠেনি দক্ষিণ আফ্রিকা। তবে রনওয়েন উইলিয়ামসের দুর্দান্ত কিপিংয়ে ব্যবধান ১-০ তেই থেমেছে। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে গেছে স্বাগতিকরা।
১২ জুন ২০২৬, ০১:২৩ এএম
কুইনোনেসের গোলে শুরুতেই এগিয়ে মেক্সিকো
৮ মিনিটের মাথায় গোল করেন কুইনোনেস। সংগৃহীত ছবি
মিনিট কয়েক আগেই দলকে বাঁচিয়ে দিয়েছিলেন রনওয়েন উইলিয়ামস। পরের দফায় পারলেন না। জুলিয়ান কুইনোনেসের ক্ষিপ্রতার কাছে হার মানতে হয়েছে। শুরুর আট মিনিটের মাথায় তাতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এগিয়ে গেল মেক্সিকো।
১২ জুন ২০২৬, ০১:১৩ এএম
মেক্সিকোর একাদশে নেই ওচোয়া
ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের শুরুর একাদশ ঘোষণা করেছে মেক্সিকো। অনুমিতভাবেই রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে আসা গিয়ের্মো ওচোয়া নেই দলে।
ওচোয়ার পরিবর্তে গোলবারের দায়িত্ব দেওয়া হয়েছে রাউল রাঙ্গেলকে। অধিনায়কের আর্মব্যান্ড থাকছে ডিফেন্ডার সিজার মন্টেসের বাহুতে। আক্রমণভাগে রয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমেনেস, সঙ্গে থাকছেন জুলিয়ান কুইনোনেস ও রবার্তো আলভারাদো।
মেক্সিকোর শুরুর একাদশ
রাউল রাঙ্গেল (গোলরক্ষক), জেসুস গালিয়ার্দো, জোহান ভাসকেস, সিজার মন্টেস (অধিনায়ক), ইসরায়েল রেয়েস, ব্রিয়ান গুতিয়েরেস, আলভারো ফিদালগো, এরিক লিরা, রবার্তো আলভারাদো, জুলিয়ান কুইনোনেস ও রাউল হিমেনেস।