মাগুরার শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে সালমা বেগম (৫০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাহেব আলীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী গ্রামের মুচিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুচিপাড়া এলাকার বাসিন্দা সাহেব আলী পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রী সালমা বেগমের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি স্ত্রীকে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত সাহেব আলীকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একই সঙ্গে অভিযুক্ত স্বামী সাহেব আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।