ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার সামনে ইলিশ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সফিকুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের এক যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২২ জুন) রাত ১০টা ১০ মিনিটের দিকে মাওয়ামুখী ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেয়ার আগে এ দুর্ঘটনাটি ঘটে বলে সত্যতা নিশ্চিত করেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।
নিহত সফিকুল ইসলাম মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁও এলাকার বাসিন্দা। তিনি আর্টিসান প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
তিনি জানান, ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে টোল দেয়ার আগে যাত্রীবাহী ইলিশ পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পরে বাসটি টোল প্লাজার মোটরসাইকেল লেনে ঢুকে একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়। এতে মোটরসাইকেল চালক সফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।আহত হন বাসের যাত্রী অমিত হাসান।
ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন এবং আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।