ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

মাদারীপুরের শিবচরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর সৌদি প্রবাসীর স্ত্রী ও স্কুলপড়ুয়া ছেলে ১২ লাখ টাকাসহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এতে পরিবার ও এলাকাজুড়ে চরম উদ্বেগ বিরাজ করছে।

নিখোঁজরা হলেন সৌদি প্রবাসী আব্দুল মালেক হাওলাদারের স্ত্রী মাকসুদা বেগম (৪০) এবং তাদের ছেলে রিহাব হাওলাদার (১৩)। রিহাব শিবচর নন্দকুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, আব্দুল মালেক ছয় বছর ধরে সৌদি আরবে কর্মরত। গত ২৩ জুন একটি এনজিও (কারসা) শিবচর শাখা থেকে মাকসুদা বেগমের নামে ১২ লাখ টাকার একটি চেক দেওয়া হয়। সেই টাকা উত্তোলনের জন্য ২৫ জুন ছেলেকে সঙ্গে নিয়ে তিনি শিবচরের পূর্বালী ব্যাংকে যান। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

প্রবাসী স্বামী আব্দুল মালেক জানান, টাকা উত্তোলনের বিষয়ে বুধবার রাতে স্ত্রীর সঙ্গে তার শেষবার কথা হয়েছিল। পরে কাজ শেষে ফোন করলে স্ত্রীর মোবাইল বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও এখন পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

নিখোঁজ মাকসুদার দেবর আব্দুল বারেক হাওলাদার বলেন, তার ভাবি অপ্রয়োজনে বাইরে যেতেন না। টাকা উত্তোলনের সময় কোনো অপহরণের ঘটনা ঘটেছে বলে তাদের সন্দেহ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, জিডি পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু হয়েছে। তদন্তের দায়িত্ব এসআই রিয়াজকে দেওয়া হয়েছে। নিখোঁজ মা-ছেলেকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত মা-ছেলেকে উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।