গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক জনাব সুজন মিয়ার বিরুদ্ধে এজলাস চলাকালে এক শিক্ষানবীশ আইনজীবীকে আঘাত করার অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, ২২ জুলাই ২০২৬ ইংরেজি আদালতের কার্যক্রম চলাকালীন, এজলাসে কথা বলাকে কেন্দ্র করে বিচারক সুজন মিয়া উন্মুক্ত আদালতে (ওপেন এজলাস) গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির শিক্ষানবীশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় একটি পেপারওয়েট নিক্ষেপ বা আঘাত করেন। এতে তাঁর মাথায় আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয় বলে গণমাধ্যমে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে জেলা আইনজীবী মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেক আইনজীবী বিষয়টিকে বিচার বিভাগের মর্যাদা, আদালতের শৃঙ্খলা এবং পেশাগত পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে বিচারক জনাব সুজন মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা জজ আদালত বা বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায় নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।