ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ বড় মসজিদের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. নাগর (৫৩), মো. বিল্লাল মৃধা (৪০), মো. মিজানুর রহমান (৩০) ও মো. আব্দুর রহমান (২৯)। তাদের কাছ থেকে মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেট।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ঢাকার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় এসআই মো. তানভীর হোসেন ভূইয়া, এসআই হারুনুর রশিদসহ ডিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।