জুলাই যোদ্ধা ও ঢাকা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পাপেল শাহরুখ সড়ক দুর্ঘটনায় আহত

ঢাকা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও জুলাই আন্দোলনের যোদ্ধা পাপেল শাহরুখ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ঢাকা জেলা ছাত্রদলের একটি মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই মিছিলে যোগদানের উদ্দেশ্যে নিজ বাসা থেকে রিকশাযোগে চুনকুটিয়ার দিকে যাচ্ছিলেন পাপেল শাহরুখ। পথে বিপরীত দিক থেকে আসা একটি রিকশার সঙ্গে তার রিকশার ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ইবনে সিনা হাসপাতালের কেরানীগঞ্জ শাখায় নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তাকে বাসায় বিশ্রামের পরামর্শ দেন।

ঝিলমিল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় পাপেল শাহরুখের কাঁধের হাড়ে ব্যথা পেয়েছে এবং ডান পায়েও আঘাত লেগেছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক নেতা মেহেদী হাসান শাওন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদল নেতা শাফায়েত শুভসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের নেতাকর্মীরা।

বর্তমানে পাপেল শাহরুখ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসভবন খেজুরবাগ এলাকায় বিশ্রামে রয়েছেন।