বাগেরহাটের রামপালে স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রী ও তার বাবাকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার সিংহড়বুনিয়া-পুটিমারী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পেড়িখালি পি ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী চাঁদনী (১৪) ও তার বাবা মো. মফিজুল হাওলাদার। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সকালে মফিজুল হাওলাদার তার মেয়েকে ভ্যানে করে স্কুলে নিয়ে যাওয়ার সময় শুভর গ্যারেজসংলগ্ন এলাকায় কয়েকজন তাদের পথরোধ করে হামলা চালায়। এতে চাঁদনী ও তার বাবা আহত হন।

ভুক্তভোগীদের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে মাসুদ হাওলাদার, মারুফ হোসেন ও নাঈমসহ কয়েকজন এ হামলায় জড়িত। হামলায় চাঁদনীর হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং তার বাবার মাথায় গুরুতর জখম হয়।

এ ঘটনায় মফিজুল হাওলাদার বাদী হয়ে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।