রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের নিচে পার্কিংয়ের নামে অর্থ আদায় ও অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর সেখানে পরিচালিত কার পার্কিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পাশাপাশি বাদামতলী মার্কেটসংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ পার্কিং ও দখলকৃত দোকানপাট উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ নির্দেশনা দেন। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আনিছুর রহমান বাদামতলী এলাকায় দীর্ঘদিনের অবৈধ পার্কিং ও সড়ক দখল সমস্যার সমাধানে সিটি করপোরেশনের সহযোগিতা কামনা করেন।

ডিএসসিসি সূত্র জানায়, বাবুবাজার ব্রিজের নিচে ৩২ নম্বর ওয়ার্ডে নবনির্মিত কার পার্কিংয়ের ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ব্লক মিলিয়ে প্রায় ২৮ হাজার ৫১ বর্গফুট এলাকায় পরিচালিত কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ ওঠে, সিটি করপোরেশনের নাম ব্যবহার করে ওই এলাকায় পার্কিংয়ের নামে অর্থ আদায় করা হচ্ছে। একই সঙ্গে গাড়ি রাখার জন্য নির্ধারিত স্থান ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের দোকানপাট ও ব্যবসা পরিচালনায়। এতে সড়কে যানজট বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিও বেড়েছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা অন্য কাজে ব্যবহারের কারণে ফুটপাত ও সড়কের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ এ এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

এর আগে বাবুবাজার ও মিটফোর্ড এলাকায় অবৈধ পার্কিং এবং সড়ক দখলের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছে ডিএমপি। অভিযানে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও অবৈধভাবে জায়গা দখলের অভিযোগে কয়েকজনকে আটক এবং জরিমানাও করা হয়।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, “সিটি করপোরেশন জনগণের সেবামূলক প্রতিষ্ঠান। নাগরিক ভোগান্তি সৃষ্টি করে কিংবা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড সিটি করপোরেশন করবে না, কাউকেও করতে দেবে না।”

সংশ্লিষ্টদের আশা, বাদামতলী এলাকায় অবৈধ পার্কিং ও দখলমুক্ত অভিযান বাস্তবায়ন হলে দীর্ঘদিনের যানজট সমস্যার কিছুটা হলেও সমাধান হবে। এ বিষয়ে ডিএসসি ও ডিএমপির সমন্বয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।