ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল বন্ধু মহল ব্যায়াম সংগঠনের আমন্ত্রণে দোহার থানার ‘ভোরের আলো’ ব্যায়াম সংগঠনের সদস্যদের নিয়ে মিলন মেলা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। বুড়িগঙ্গা জয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে এ আয়োজন করা হয়।

আজ শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে ঝিলমিল বন্ধু মহল ও ভোরের আলো ব্যায়াম সংগঠনের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের আয়োজন করেন ঝিলমিল বন্ধু মহলের সভাপতি হাজী মোহাম্মদ লিটন।

ঝিলমিল বন্ধু মহল ব্যায়াম সংগঠনের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম। তিনি দোহার থানার সাবেক ওসি এবং বর্তমানে সংগঠনটির প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনটির সভাপতি হাজী মোহাম্মদ লিটন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান এবং কোষাধ্যক্ষ আব্দুস সামাদ।

অনুষ্ঠানে সংগঠনের জ্যেষ্ঠ সদস্য মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ মাসুদ, জনি, জাকির, সেন্টু, মিলন, সেলিম, স্বাধীন, রাজুসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা বলেন, নিয়মিত শরীরচর্চার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন দৃঢ় করাও তাঁদের সংগঠনের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে দুই সংগঠনের সদস্যদের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্ব আরও বাড়বে।

ঝিলমিল বন্ধু মহল ব্যায়াম সংগঠনের মূল স্লোগান—‘সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন।’ এই লক্ষ্য সামনে রেখে নিয়মিত শরীরচর্চা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান সংগঠনের সদস্যরা।