ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। হাজতীর নাম মোহাম্মদ ইসমাইল (২৮)। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী রফিকুল ইসলাম জানান, সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কারাগারে হাজতি ইসমাইল অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে, চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ ইসমাইল রাজশাহীর গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের নাস্তার আলীর ছেলে। কেন্দ্রীয় কারাগারে তাঁর হাজতি নম্বর ১৫৭/২৬। তবে তিনি কোন মামলায় কারাবন্দী ছিলেন সে বিষয়ে কারারক্ষী কিছু বলতে পারেনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।