রানা আহমেদ: শহীদ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নিপুণ রায় চৌধুরী বলেন, হাদি মরে না, তারা বারবার ফিরে আসে। গণতন্ত্রকে হত্যা করতে যারা অস্ত্র ধরেছে, তারা আসলে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে জনগণের ভোটাধিকার হরণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করাই তাদের মূল লক্ষ্য। নিপুণ রায় আরও বলেন, সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য দেশের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

দোয়া মাহফিলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।