আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটার মাওলানা কাজী হারুনুর রশিদ, উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেন, এবং সিনিয়র এডভোকেট তরিকুল ইসলাম ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
মনোনয়ন সংগ্রহ শেষে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, দেশ আজ এক কঠিন সময় অতিক্রম করছে। জনগণের মৌলিক অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি।

তিনি বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার মানুষের শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও সার্বিক উন্নয়নে কাজ করব। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আপসহীন অবস্থান থাকবে।” এ সময় তিনি দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এদিকে উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, দাওয়াহ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণ তার প্রতি আস্থা রাখবে এবং আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করবে।