চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: 
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মু. খুরশিদ আলম বাচ্চুর মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানির নির্ধারিত দিনে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ বলে রায় দেয়। এর আগে, বাছাই পর্বে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এই সিদ্ধান্তের ফলে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনগত প্রতিবন্ধকতা থাকছে না।
মনোনয়নপত্র যাচাইয়ের সময় টেকনিক্যাল কারণে রিটার্নিং কর্মকর্তা খুরশিদ আলম বাচ্চুর মনোনয়ন বাতিল করেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শনিবার কমিশন তার দাখিলকৃত তথ্য সঠিক বলে রায় প্রদান করে এবং তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান করে।
প্রার্থিতার পুনরুদ্ধার নিয়ে মু. খুরশিদ আলম বাচ্চু বলেন, “আমি ন্যায়বিচার পেয়েছি। নির্বাচন কমিশনের প্রতি আমি কৃতজ্ঞ। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে এবং লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য আমি নির্বাচনী মাঠে নামব।”
৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি নাচোল গোমস্তাপুর,ও ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত। খুরশিদ আলম বাচ্চুর প্রার্থিতা পুনরুদ্ধারের খবরটি তার নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ সৃষ্টি করেছে।