সাব্বির, জাবি প্রতিনিধি: 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চৌরঙ্গীতে অবস্থিত পদ্ম পুকুরের পানির ফোয়ারাটি দীর্ঘদিনের অচল দশা কাটিয়ে পুনরায় সচল করা হয়েছে। আজ রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংস্কারকৃত এই ফোয়ারাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও অচল অবস্থায় পড়ে থাকা এই ফোয়ারাটি সাধারণ শিক্ষার্থীদের নজরে এলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এটি সংস্কারের উদ্যোগ নেয়। জাকসুর আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সংস্কার কাজ শুরু করে এবং আজ তা সফলভাবে সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “দীর্ঘদিন বন্ধ থাকা পানির ফোয়ারাটি নিয়ে কাজ করা জাকসুর জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ। ফোয়ারাটি যাতে বছরজুড়ে নিরবচ্ছিন্নভাবে সচল থাকে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগকে কার্যকর তদারকি নিশ্চিত করার জন্য আমি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছি।”

উদ্বোধনী অনুষ্ঠানে জাকসু সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, “দীর্ঘদিন পর ফোয়ারাটি সচল হওয়ায় ক্যাম্পাসের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের দাবিতে দ্রুত সাড়া দেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানাই। একইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি রক্ষায় প্রতিটি লেক খনন ও সংস্কারের স্থায়ী উদ্যোগ নিতে আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি এবং প্রাণ-প্রকৃতি রক্ষায় প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীর বলেন, “প্রকৃতিই জাহাঙ্গীরনগরের প্রাণ। এই পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।”

প্রশাসনও ভবিষ্যতে এ ধরনের জনহিতকর ও সৌন্দর্যবর্ধনমূলক কাজে সামর্থ্য অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রব, এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম সহ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, সংস্কারকৃত এই ফোয়ারাটি চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সন্ধ্যার আলোকসজ্জায় সজ্জিত ফোয়ারাটি ক্যাম্পাসের নান্দনিকতায় নতুন মাত্রা যোগ করেছে।