ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় পারিবারিক কলহের জেরে ভাসুরের হাতে এক গৃহবধূ খুন হয়েছেন। সোমবার (রাত) আনুমানিক ১০টার দিকে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই গৃহবধূ তার স্বামীর পরিবারের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে ভাসুরের সঙ্গে তার বিরোধ চলছিল। ঘটনার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে ভাসুর তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সাইফুল আলম বলেন, “পারিবারিক কলহকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত ভাসুর ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।