সেনাবাহিনীর নিয়মিত রাত্রিকালীন টহল দলের তৎপরতায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা, নগদ অর্থসহ মাদক সংশ্লিষ্ট বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
সেনা সূত্র জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা এলাকায় টহলকালে একটি স্থানীয় রেস্তোরাঁর পাশে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। সেনা টহল দলকে দেখে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
পরবর্তী তল্লাশিতে আটককৃতদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এদের মধ্যে একজনকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়।
এ সময় রেস্তোরাঁ এলাকায় নিয়মিত ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত মাদক ব্যবসায়ী এস কে মোহাম্মদ নাজমুল হোসেন সেনা টহল দলকে দেখে পার্শ্ববর্তী একটি বাড়িতে পালিয়ে গিয়ে গেট বন্ধ করে দেয়। পরে নবাবগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় ওই বাড়িতে অভিযান চালিয়ে নাজমুলকে আটক করা হয়।
পুলিশের তল্লাশিতে তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল স্বীকার করেন, উদ্ধারকৃত অর্থ গত একদিনে আনুমানিক ১০০ পিস ইয়াবা বিক্রির মাধ্যমে অর্জিত।
আটককৃত তিনজন হলেন,
এস কে মোহাম্মদ নাজমুল হোসেন (২৯), সোহাগ বিশ্বাস (২৪) ও মহসিন মল্লিক (৩৬)। পরবর্তীতে আটককৃতদের উদ্ধারকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কেরানীগঞ্জ সেনা ক্যাম্প থেকে জানানো হয়।