কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ বন্ধ করেছে মেটা কর্তৃপক্ষ। কপিরাইট স্ট্রাইকে সাইবার হামলার মাধ্যমে তার পেজটি অপসারণ করা হয়েছে বলে জামায়াতের ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের সব অনুসারী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ একটি সংঘবদ্ধ অপশক্তির ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা (Meta) কর্তৃপক্ষ সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়। উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যক্কারজনক কাজটি করেছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই, ফেসবুক থেকে একটি পেজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না। পেজ পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।
জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক জানান, আমাদের সব সমর্থকদের প্রতি অনুরোধ ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখুন। ইনশাআল্লাহ, সত্যের বিজয় হবেই।
তিনি আরও বলেন, কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে।