সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, বিএনপির আমলে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আর আওয়ামী লীগের আমলে দেশ চোরের খনিতে পরিণত হয়েছে। তিনি বলেন, আসুন আমরা সৎ নেতৃত্ব কায়েম করি, সকলে মিলে দেশ গড়ার চেষ্টা করি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় কাদাকাটি এবং সন্ধ্যায় দরগাহপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত পৃথক দুটি বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাদ্দিস রবিউল বাশার বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার দেবেন। এর মধ্যে রয়েছে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, রাস্তা-ঘাট সংস্কার এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা। পাশাপাশি মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ও মাদ্রাসায় বরাদ্দকৃত সরকারি অর্থ সঠিকভাবে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের অর্থের এক টাকাও দুর্নীতি করবেন না। সততা ও জবাবদিহিতার মাধ্যমে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ও ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

জনসভা শুরুর আগে তিনি কুল্যা মোড়, গুনাকরকাটি বাজার ও কাদাকাটি বাজারে গণসংযোগ করেন। এছাড়া দরগাহপুরে অনুষ্ঠিত মহিলা সমাবেশেও বক্তব্য রাখেন তিনি।

ইউনিয়ন আমীর মাওলানা আবু বক্কার সিদ্দিক ও প্রফেসর আব্দুল গনির সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জাকির হোসেন ও সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক, প্রফেসর আব্দুল গফফার, খেলাফতে মজলিস সাতক্ষীরা জেলা সেক্রেটারি মুফতি জায়েদ আব্দুল্লাহ, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুর্তাজা, মাওলানা মোশারফ হোসেন, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মো. আনিছুর রহমান, গদাইপুর আব্দুল ওরলতিফ কলেজের প্রভাষক ও সনাতন ধর্মের প্রতিনিধি দীপক কুমার মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় জামায়াত ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।