পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করতে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার আটিবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সরকারি নির্দেশনা অমান্য, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভোক্তা অধিকার সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে গরুর মাংসের দোকান, মুদি দোকান ও ফলের দোকানে অর্থদণ্ড প্রদান করা হয়।
কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুকের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, কোনো অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় বা ভেজাল পণ্য বিক্রির মাধ্যমে জনসাধারণকে ভোগান্তিতে না ফেলতে পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন, সঠিক ওজন নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য বিক্রির নির্দেশনা মানতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রমজান মাসে বাজারে স্বচ্ছতা, শৃঙ্খলা ও মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
অভিযানে র্যাব-১০ এর একটি দল সহযোগিতা করে।