ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বদরবারে মর্যাদার সঙ্গে এগিয়ে যাবে। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের টেকসই উন্নয়নের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। তার মতে, বর্তমান নেতৃত্বের অধীনে দেশ একটি স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-২ আসনের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় নতুন করে উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এর মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আমান উল্লাহ আমান তার সংসদীয় এলাকা ঢাকা-২ কে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা কখনো চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কাছে মাথা নত করবো না। জনগণকে সঙ্গে নিয়েই একটি নিরাপদ ও উন্নত জনপদ গড়ে তোলা হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমান উল্লাহ আমান এর সহধর্মিনী বেগম সাবেরা আমান, কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সহ-সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, মোজাম্মেল হক, মোহাম্মদ নাজিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হক মনির।