আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শাপলা কলি প্রতীকে ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম আদীব।
গতবছরের ফেব্রুয়ারিতে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের হাত ধরে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আরিফুল ইসলাম আদীব। একই সঙ্গে তিনি ঢাকা মহানগর উত্তর-এর ঘোষিত কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
আরিফুল ইসলামের রাজনৈতিক পথচলা শুরু হয় ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। সে সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তী সময়ে ২০১৯ সালে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সংগঠক হিসেবেও তিনি যুক্ত ছিলেন।
আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে বিভিন্ন সময় তিনি নির্যাতনের শিকার হয়েছেন। ২০১৯ সালে ডাকসু ভবনে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়ে কিডনির জটিলতায় ডায়ালাইসিস নিতে হয় এবং চোখেও আঘাতপ্রাপ্ত হন। এরপর ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত একাধিক হামলা ও রাজনৈতিক নিপীড়নের মুখেও তিনি রাজপথ ছাড়েননি।
এছাড়া ২০২৩ সালে ১৬টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০২৪ সালের ঐতিহাসিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াঁজো কমিটিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা পেশাতেও যুক্ত রয়েছেন আরিফুল ইসলাম আদীব। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে ফ্রিল্যান্স লেখক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২০২০ সালের পর থেকে ব্রডকাস্ট ও মাল্টিমিডিয়া সাংবাদিক হিসেবে দেশের বিভিন্ন গণমাধ্যমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
শিক্ষাজীবনে তিনি বরিশালের বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসা ও ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে ২০১৮ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে তিনি জানান, ঢাকা-১৮ আসনের মানুষের জন্য নিরাপদ, নিশ্চিন্ত ও সম্ভাবনাময় নাগরিক জীবন নিশ্চিত করাই তার রাজনীতির মূল উদ্দেশ্য। সেই লক্ষ্য সামনে রেখেই তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
এ রকম আরো সংবাদ...