বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সঠিকভাবে ধর্ম চর্চা করলে মানুষ ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হয়। ধর্ম কখনো কাউকে ছোট করতে বা ঘৃণা করতে শেখায় না; বরং ধর্ম মানুষকে মানবতাবোধ শেখায়।
বুধবার সন্ধ্যায় কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুর এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপিকে ভোট দিলে জনগণ প্রতারিত হবে না। তিনি বলেন, ‘ভোট দেওয়া প্রত্যেকের নিজস্ব অধিকার। যাকে ভালো লাগে তাকেই ভোট দেবেন। আমাদের ভোট দিলে তারেক রহমানের একটি লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নে আপনারাও অংশীদার হবেন।’
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ‘তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ব্যালট পেপার পকেটে অথবা শাড়ির আঁচলে করে বাড়িতে নিয়ে যাবে। পরে মৃত্যুর সময় আজরাইলকে দেখিয়ে বলবে—আমি জান্নাতি, আমার কাছে টিকিট আছে।’ এ ধরনের বক্তব্যকে তিনি কটাক্ষ হিসেবে উল্লেখ করেন।
সামাজিক সংগঠনের সদস্যদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রতিটি মানুষেরই একটি নেশা থাকে। তবে সৃজনশীল নেশাই হলো প্রকৃত নেশা। সমাজ থেকে কুসংস্কার দূর করে সাধারণ মানুষকে সচেতন করতে পারলে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে সামাজিক সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।