আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় অস্থায়ী কোরবানির পশুর হাট ইজারা প্রদানের জন্য দরপত্র আহ্বান করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ১২ মে ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইজারা প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত দরপত্র সিডিউল বিক্রি করা হবে এবং ১৮ মে দুপুর ১টার মধ্যে জমা দিতে হবে। একই দিন বিকেল ৩টায় দরপত্র খোলা হবে। প্রথম ধাপে ইজারা সম্পন্ন না হলে দ্বিতীয় ধাপে ১৯ মে ও ২০ মে সিডিউল বিক্রি এবং ২১ মে দরপত্র জমা ও খোলার কার্যক্রম অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে মোট ৯টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় হাট হিসেবে আগানগর ইউনিয়নের আমবাগিচা বালুর মাঠ নির্ধারণ করা হয়েছে, যার সরকারি ইজারা মূল্য ধরা হয়েছে ৫৪ লাখ ৮৩ হাজার টাকা। তারানগর ইউনিয়নের মিলেনিয়াম সিটি সংলগ্ন বালুর মাঠে ইজারা মূল্য ২৫ লাখ ৫০ হাজার টাকা এবং শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ কন্টেইনার পোর্ট সংলগ্ন মাঠের ইজারা মূল্য ২২ লাখ ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জিঞ্জিরা বাজার, রোহিতপুর বিসিক শিল্পনগরী মাঠসহ বিভিন্ন স্থানে হাট বসানো হবে।
দরপত্রে অংশগ্রহণকারীদের মোট উদ্ধৃত দর অনুযায়ী ৩০ শতাংশ টাকা জামানত হিসেবে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হওয়ার পরের দিন অফিস চলাকালীন সময়ে অবশিষ্ট ৭৫ শতাংশ অর্থের সঙ্গে ১৫ শতাংশ আয়কর ও ১০ শতাংশ ভ্যাট সরকারি কোষাগারে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো ইজারাদার হাট সাব-লিজ দিতে পারবেন না। পাশাপাশি সরকার নির্ধারিত টোল চার্ট হাটের দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। ইজারাদারকে নিজ খরচে হাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ বা গাছপালা ক্ষতিগ্রস্ত করা যাবে না।
ইজারা সংক্রান্ত বিস্তারিত তথ্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও নির্ধারিত সূত্র থেকে জানা যাবে বলে জানানো হয়েছে।