• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

ডেটা মডেলের পূর্বাভাসে বিশ্বকাপের ফেবারিট স্পেন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬

২০২৬ বিশ্বকাপ এগিয়ে আসছে। ৪৮ দলের এই আসরে জয়ের দৌড়ে আছে ব্রাজিল-আর্জেন্টিনার মতো বিশ্ব ফুটবলের পরাশক্তিরা। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম বড় বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের ডেটা মডেলের পূর্বাভাসে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনকে।

গোল্ডম্যান স্যাকসের মডেল অনুযায়ী, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ২৬ শতাংশ। তালিকায় স্পেনের পর আছে ফ্রান্স, যাদের সম্ভাবনা ১৯ শতাংশ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা ধরা হয়েছে ১৪ শতাংশ।

এরপর আছে ব্রাজিল ও ইংল্যান্ড। গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাসে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৮ শতাংশ, ইংল্যান্ডের ৫ শতাংশ।

গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, তাদের পূর্বাভাস মূলত দলগুলোর এলো রেটিংয়ের ওপর ভিত্তি করে তৈরি। এলো রেটিং মূলত দাবার জন্য তৈরি একটি পারফরম্যান্সভিত্তিক র‍্যাঙ্কিং পদ্ধতি, যা পরে ফুটবলসহ বিভিন্ন খেলায় ব্যবহার করা হয়। এর সঙ্গে আক্রমণভাগের শক্তি, সাম্প্রতিক ছন্দ, মানসিকতা ও ভৌগোলিক বাস্তবতার মতো বিষয়ও মডেলে বিবেচনা করা হয়েছে।

গোল্ডম্যান স্যাকসের ব্যাখ্যা অনুযায়ী, স্পেনকে শীর্ষে রাখার বড় কারণ তাদের উচ্চ এলো র‍্যাংকিং, গোল করার সামর্থ্য এবং বিশ্বকাপের আগে ভালো ছন্দ।

আর্জেন্টিনার সম্ভাবনা কম দেখানোর পেছনে আছে আরেকটি যুক্তি। গোল্ডম্যান স্যাকস একে বলছে ‘উইনার্স স্লাম্প’, অর্থাৎ আগের আসরের চ্যাম্পিয়ন দল পরের বিশ্বকাপে অনেক সময় প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারে না।

ফ্রান্সের সম্ভাবনা কমেছে সম্ভাব্য পথের কারণে। মডেল অনুযায়ী, ফ্রান্সের সামনে সেমিফাইনালে শীর্ষ ফেবারিট স্পেনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অন্যদিকে ইংল্যান্ডকে পিছিয়ে রাখার কারণ হিসেবে টুর্নামেন্টে অতীতের আন্ডারপারফরম্যান্স, ভৌগোলিক চ্যালেঞ্জ এবং কিছুটা কঠিন ড্রয়ের কথা উল্লেখ করেছে গোল্ডম্যান স্যাকস।

তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের পূর্বাভাস মোটামুটি বুকমেকারদের সম্ভাবনার সঙ্গে মিল আছে। পার্থক্য হলো, গোল্ডম্যান স্যাকস ইংল্যান্ডের শিরোপা জয়ের সম্ভাবনা বেটিং মার্কেটের তুলনায় কম দেখিয়েছে।

১৯৭৮ সালের পর থেকে প্রায় ২০ হাজার আন্তর্জাতিক ম্যাচের তথ্য ব্যবহার করে এই মডেল তৈরি করা হয়েছে। বিশ্বকাপ চলাকালে প্রতিদিনের খেলার পর মডেলটি হালনাগাদ করা হবে বলেও জানিয়েছে গোল্ডম্যান স্যাকস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...