দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের চেয়ে ১৬৭ ভোট বেশি পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট গণনা শেষে মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ৩৪৩টি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। সংসদ সদস্যরা নির্ধারিত পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে ভোট দেন। প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকায় সংসদে সরাসরি ভোটের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলো।
এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন কর্নেল (অব.) অলি আহমদ। অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দেওয়ার সুযোগ পাননি। অন্যদিকে মির্জা ফখরুল সংসদ সদস্য হিসেবে নিজেও ভোট দেন।
এর আগে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদানের নিয়ম সংসদ সদস্যদের জানিয়ে দেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হয় এবং ফল ঘোষণা করা হয়।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তার শপথের সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে তার পদ শূন্য হবে বলে জানিয়েছে সংসদ সূত্র।
দীর্ঘ সময় পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবারের ভোটকে দেশের রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হয়েছিল; এরপর দীর্ঘ সময় রাষ্ট্রপতি পদে একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন