ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকায় এক সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।
সম্প্রতি ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার জের ধরে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. শেখ ফরিদ (৩১) বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের আমবাগিচা খেলার মাঠ এলাকার ‘ডিজিটাল জোন’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের কর্মচারি মো. শফিকুল ইসলাম জানান, ১০ থেকে ১২ জনের একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত আমবাগিচা মাঠের গ্যালারির ছাদ থেকে হঠাৎ ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে প্রতিষ্ঠানের সামনের দুটি বড় গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। এসময় হামলাকারীরা সেখানে কর্মরত কর্মচারিদের গালিগালাজসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। আকস্মিক এ হামলায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভয়ে আশেপাশের লোকজন নিরাপদ দূরত্বে সরে যান। এ হামলায় প্রতিষ্ঠানে প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক শেখ ফরিদ জানান, গত ১২ অক্টোবর হ্যালো ডিসি অ্যাপে প্রাপ্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমবাগিচা এলাকায় যৌথ মাদকবিরোধী অভিযান চালায়। ওই অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, ওই মাদকবিরোধী অভিযানের পর থেকেই আমাকে বিভিন্ন অজ্ঞাত নম্বর থেকে ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমাকে সামাজিকভাবে হেয় করা এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই এ হামলা ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, সাংবাদিক পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।