• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে দেওয়া বিবৃতি বদলাল সরকার

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। এ ধরনের প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

সোমবার (৩ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এমন কঠোর বার্তা দেওয়া হয়। তবে প্রথম বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় পৌনে এক ঘণ্টা পর সেটির সংশোধনী দিয়ে আরেকটি বিজ্ঞপ্তি দিয়েছে মন্ত্রণালয়। এতে ‘প্রমাণ ছাড়া মিথ্যা তথ্য ছড়ানো’ এবং ‘কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার’ বিষয়টি সংশোধন করা হয়।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ক কোনো অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করলে সে বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হল।

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সম্প্রতি কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিভাগ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

ইতোমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে সেগুলো বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলো সমাধান করেছে দাবি করে বিদ্যুৎ বিভাগ বলছে, সুতরাং এ বিষয়ে কোনো প্রকার অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।

এর আগে গত তিন মাস ধরে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকের দাবি, নতুন কোনো বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার শুরু না করলেও বিদ্যুৎ খরচের ইউনিট অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আবার কেউ কেউ অভিযোগ করছেন, নিয়মিত মিটারের রিডিং নেওয়ার পরিবর্তে অনুমাননির্ভর হিসাব করে বিল প্রস্তুত করা হচ্ছে।

এ বিষয়ে গত ২ আগস্ট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম জানান, কেন্দ্রীয়ভাবে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। প্রতিটি বিতরণ সংস্থা ও বিদ্যুৎ কোম্পানিকে নিজ নিজ এলাকার অভিযোগ যাচাই করতে বলা হয়েছে। তার দাবি, অধিকাংশ অভিযোগ তদন্ত করে অতিরিক্ত বিলের অভিযোগের পক্ষে উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...