ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় ফুটপাত দখল, অবৈধ দোকানপাট এবং যানবাহনের অস্থায়ী স্ট্যান্ডের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়ে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যাত্রীরা।
ঢাকা–মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুর অংশের সার্ভিস লেনে সকাল থেকে গভীর রাত পর্যন্ত দীর্ঘ যানজট লেগেই থাকে। সরেজমিনে দেখা গেছে, ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকান। ফলে পথচারীরা বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করছেন, যা বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার ঝুঁকি।
ফুটপাতের পাশ ঘেঁষে বসেছে ভ্রাম্যমাণ দোকান, স্ট্রিট ফুড ও ফলের ব্যবসা। পাশাপাশি রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার অবৈধ পার্কিং এবং যত্রতত্র স্ট্যান্ডের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অটোরিকশার স্ট্যান্ড, ফুটপাত দখল এবং অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে সারাদিনই যানজট লেগে থাকে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা পড়ছেন সীমাহীন দুর্ভোগে।
আব্দুল্লাহপুর ট্রাফিক ইন্সপেক্টর জহুরুল হক বলেন, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়মিত কাজ করছে এবং ফুটপাত হকারমুক্ত রাখতে অভিযান চালানো হচ্ছে। তবে উচ্ছেদের পর পুনরায় হকাররা বসে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক বলেন, “ফুটপাত কোনোভাবেই ব্যবসার জায়গা নয়, এটি পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত। সড়ক গাড়ি চলাচলের জন্য। এখানে কোনো ধরনের প্রতিবন্ধকতা মেনে নেওয়া হবে না। বিষয়টি আইনশৃঙ্খলা সভায় উত্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”