• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে অনুমোদনহীন এনআইসিইউ সিলগালা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে অনুমোদন ছাড়া নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) পরিচালনার অভিযোগে একটি হাসপাতালের এনআইসিইউ সেবা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হাসপাতালটিকে ১ লাখ টাকা এবং অপর একটি ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁকে সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোকাদ্দেস হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ লাইফ কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) পরিচালনা করছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় এনআইসিইউ সেবার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতালটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে লাইসেন্স নবায়ন না করা এবং নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করায় কদমতলী ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোকাদ্দেস হোসেন বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউএনও উমর ফারুক বলেন, অনুমোদন ছাড়া এনআইসিইউর মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই সংশ্লিষ্ট সেবা বন্ধ করে জরিমানা করা হয়েছে। এছাড়া লাইসেন্স নবায়ন ও মূল্যতালিকা না থাকায় অপর প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়েছে। দুই প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন করে কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...