ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আলুকান্দা স্ট্যান্ড বাজারে আয়োজিত ‘২য় আসরের ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের সমাপনী আয়োজন সম্পন্ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহিন রহমান।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে পূর্ব কয়রাখোলা ব্রিজ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাক্তার চর এফসি। রানার্সআপ হয় পূর্ব কয়রাখোলা ব্রিজ ক্লাব। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
এ সময় বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে।
আয়োজকরা জানান, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসারে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, টুর্নামেন্টটির আয়োজন করে আলুকান্দা তরুণ সংঘ।