ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দায় খালের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চার ঘণ্টার অভিযানে তিনটি বড় ভবনসহ বেশ কয়েকটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে খালের জায়গা দখল করে নির্মিত তিনটি বড় ভবনসহ বেশ কয়েকটি অবৈধ কাঠামো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। এতে খালের দখল করা অংশ উদ্ধারের পাশাপাশি পানি প্রবাহের পথ উন্মুক্ত করা হয়।
এ ছাড়া তাঁতী মার্কেট ও তমিজউদ্দীন প্রেসসহ আরও কয়েকটি স্থাপনার মালিককে আগামী সাত দিনের মধ্যে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরানো না হলে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খালের গতিপথ ও স্বাভাবিক পানি প্রবাহ পুরোপুরি ফিরিয়ে না আসা পর্যন্ত দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।