বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিচারের নামে জামায়াত নেতাদের ফাঁসি দেওয়ার মধ্য দিয়েই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসেন।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামীর পেশাজীবী থানা ও ঢাকা জেলার আয়োজিত ‘জুলাই বিপ্লবের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির এ মন্তব্য করেন।
মাওলানা দেলোয়ার হোসেন বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শীর্ষ নেতাদের বিচারের নামে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে জামায়াতে ইসলামীকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। শেষ পর্যন্ত ক্ষমতা হারানোর ভয়ে গত বছরের ১ আগস্ট নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে তারা। তবে এর মাত্র চারদিন পর, ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।”
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর ডক্টর মোঃ ইলিয়াস মোল্লা। তিনি দেশের তরুণ ও যুবসমাজকে জামায়াত-শিবিরের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। নতুন বাংলাদেশ পুনর্গঠনে এবং দেশের সার্বিক উন্নয়নে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করার জন্য তিনি তাগিদ দেন।
পেশাজীবী থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ শাহীনুর ইসলাম এবং মজলিসে শূরার অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার তৌফিক হাসানসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন পেশাজীবি থাণা ও ঢাকা জেলা শাখা আমির অধ্যাপক
মোঃ আসাদুজ্জামান জীম।
বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করেন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।