ঢাকার কেরানীগঞ্জে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর বিশেষ অভিযানে ৮ লাখ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে গত সোমবার (৪ মে) রাত ১০টা থেকে ১০টা ২০ মিনিটের মধ্যে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে কেরানীগঞ্জ থানাধীন ভাঙ্গনা মুজিবনগর এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ কাউছার (৫০), পিতা: আব্দুল লতিফ এবং মোঃ কামাল (৫১), পিতা: মৃত মজিবর।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে মোট ৮ লাখ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে একটি EPSON রঙিন প্রিন্টার, একটি হ্যান্ড সিলার মেশিন এবং তিনটি কাঠের ফ্রেমযুক্ত ডাইস।
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(এ) ধারায় একটি মামলা (মামলা নং-১৮, তারিখ ৫ মে ২০২৬) দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।