ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় এক অটোচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার হযরতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাটারা কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশা নিয়ে যাওয়ার পথে নির্জন স্থানে একদল দুর্বৃত্ত ওই চালকের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের। পরে খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ছিনতাই, ব্যক্তিগত বিরোধ কিংবা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের পরিচয় নিশ্চিতের পাশাপাশি তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি সূত্র জানায়, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।