• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

কেরানীগঞ্জে যুবদল নেতার ওপর হামলার ঘটনায় জামায়াতের সম্পৃক্ততা নেই: শাহীনুর ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

দক্ষিণ কেরানীগঞ্জে যুবদল নেতা আরিফুজ্জামান কামালের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন ঢাকা-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

 

অধ্যক্ষ শাহীনুর ইসলাম বলেন, যুবদল নেতা আরিফুজ্জামান কামালের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

 

আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনার সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।

 

আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

 

তিনি আরও বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতেই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। জামায়াতে ইসলামী কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী।

 

এ সময় অধ্যক্ষ শাহীনুর ইসলাম প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

এদিকে আহত যুবদল নেতা আরিফুজ্জামান কামাল হামলার ঘটনা বর্ণনা দিয়ে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বাজার থেকে আলু-পেঁয়াজ কিনে বাড়ি ফেরার পথে বাসার গলিতে কয়েকজন হেলমেট ও মাস্ক পরা যুবক তাকে ঘিরে ফেলে। হাতে থাকা টর্চলাইট আলো জ্বালাতেই চাপাতি ও কুড়াল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হাত ও পায়ে।

 

গুরুতর আহত অবস্থায় তিনি রাস্তায় পড়ে গেলে মৃত ভেবে হামলাকারীরা চলে যায়। তিনি দাবি করেন, হামলাকারীদের একজনকে তিনি চিনতে পেরেছেন এবং তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। এছাড়া আজ বৃহস্পতিবারও যুবদল নেতা অনিককে মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে। হামলার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...