• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

কেরানীগঞ্জে রঙের কারখানার আড়ালে ইয়াবা কারখানা, মূল কারিগর গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় রঙের কারখানার আড়ালে গড়ে ওঠা একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। অভিযান চালিয়ে ১৯ হাজার পিস তৈরি ইয়াবা, বিপুল পরিমাণ ইয়াবা তৈরির কাঁচামাল ও আধুনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় নাসির (২৮) নামে ইয়াবা তৈরির মূল কারিগরকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি মদিনা নগর এলাকার মদিনা কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তার নাসির ‘নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ নামে একটি রঙের কারখানার আড়ালে প্রায় ১০ বছর ধরে গোপনে ইয়াবা তৈরি করে আসছিল। ওই কারখানায় উৎপাদিত ইয়াবা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো।

র‍্যাব জানায়, রোববার রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে ফয়সাল ইসলাম মিঠু নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মদিনা নগর এলাকার মদিনা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। সেখানে ১৯ হাজার পিস ইয়াবা, বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান, ট্যাবলেট তৈরির কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে নাসিরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাবের অধিনায়ক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির নিজেকে একজন দক্ষ কেমিস্ট হিসেবে পরিচয় দিয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাসায়নিকের সংমিশ্রণে ইয়াবা তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে সে স্বীকার করেছে।

র‍্যাব জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ চক্রের অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় আরেকটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায় র‍্যাব-১০। ওই অভিযানে এক হাজার ৯৬৮ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। এক সপ্তাহের ব্যবধানে কেরানীগঞ্জে দুটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়ায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...