ঢাকার কেরানীগঞ্জে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে জিনজিরা–সৈয়দপুর সড়কের দেওশুর এলাকা থেকে বৃদ্ধার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন দেওশুর এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধা নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর বয়স আনুমানিক ৭৫ বছর। তাঁর পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি এলাকায় ঘুরে বেড়াতেন এবং কখনো কখনো ভিক্ষাও করতেন। তার পরনে ছিল ময়লা প্রিন্টের কাপড়।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।