ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রী সুমা আক্তারকে (২৪) হত্যা মামলায় স্বামী সাইফুল হাওলাদারকে (৩০) চট্টগ্রামের পতেঙ্গা থেকে গ্রেফতার করেছে এসআরবি। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার।
তিনি জানান, ভিকটিম সুমা আক্তারের সাথে আসামি সাইফুল হাওলাদারের প্রায় ৫ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে আসামি সাইফুল তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন এবং সর্বশেষ গত ৯ জুলাই ভিকটিমকে তালাক প্রদান করে। পরবর্তী সময়ে ভিকটিম দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরের বাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস ও একটি কারখানায় চাকরি করতেন। গত ২৪ সেপ্টম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভিকটিমের মোবাইল থেকে তার পরিবারকে আসামি সাইফুল হাওলাদার জানান যে, ভিকটিমকে হত্যা করে তার লাশ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরের বাগ এলাকায় ভিকটিমের ভাড়া বাড়ির ভিতরে রেখে গেছেন। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সুমা আক্তারের মৃতদেহ দেখতে পান এবং পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নিহতের মা আসামি সাইফুল হাওলাদারসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এসআরবি-১০ আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজদারী বৃদ্ধি করে।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে এসআরবি-১০, লালবাগ, ঢাকা এবং এসআরবি-৭ একটি যৌথ অভিযান পরিচালনা করে সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে আসামি সাইফুল হাওলাদারকে চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানাধীন চরপাড়া লাইটারঘাট এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার সাইফুল ঝালকাঠির নলছিটি থানার গোপালপুরের কালাম হাওলাদারের ছেলে। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।